আবারো যূথবদ্ধ হলেন তারা...

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬

তারা প্রায় একইসঙ্গে যাত্রা শুরু করেছিলেন। শহীদের নেতৃত্বে আরেফিন রুমী, কাজী শুভ, আইয়ুব শাহরিয়ার’সহ একঝাঁক তরুণের স্বপ্নবাজির দল হলো দূরবীন। দেড় দশক আগে ‘এক জীবন’ খ্যাত গায়ক সৈয়দ শহীদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে গানের দল দূরবীন গঠন করেন। তাদের মধ্যে কয়েকজন সদস্য অন্য পেশায় ব্যস্ত হয়ে পড়েন। সৈয়দ শহীদ ও আইয়ুব শাহরিয়ার পুরোটা সময় এই গানের দলকে আগলে রেখেছেন। মূলত সৈয়দ শহীদ ছিলেন এ সকল তরুণের আস্থার একটি জায়গা। আরফিন রুমীর জন্য স্টুডিও সেটআপ থেকে শুরু করে যাবতীয় সব গুছিয়ে দিয়েছিলেন শহীদ নিজে। পাশাপাশি আইয়ুব ও শুভর জন্য ছিল তার একই উদ্যোগ। এদিকে আরেফিন রুমী দলটি ছাড়ার সময় বেরিয়ে যান দলের জনপ্রিয় গায়ক কাজী শুভ। বেশ কয়েকবছর একক ক্যারিয়ারে সময় দিয়েছেন। তারপর আবারো দূরবীনে ফিরে আসেন ২০১৯ সালে।

সেই থেকে দলটি নতুন গানের জন্য প্রস্তুতি নিয়েছে। করোনাকালীন প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে নতুন গান নিয়ে আসতে চলেছেন এ দলের সদস্যরা। গানের শিরোনাম ‘পিরিতে শান্তি মিলে না’। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মাদ। গানটি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হবে ভিডিও আকারে। ভিডিওটি তৈরি করেছেন বিকাশ সাহা। নতুন করে দূরবীনের গানে ফেরা প্রসঙ্গে দলটির প্রধান সৈয়দ শহীদ বলেন, ‘বন্ধুত্বে এমনটা হয়-ই। আর আমরা মূলত বন্ধুর চেয়েও বেশি ছিলাম পারিবারিক। সুখ-দুঃখ ভাগাভাগি করেছি বছরের পর বছর। আবার আমরা একসঙ্গে হয়ে মিউজিক করছি এটাই সবচেয়ে আনন্দেও সংবাদ। আশা করছি আমাদের এই উপহার সবার ভালো লাগবে। এদিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিমকে উত্সর্গ করা হয়েছে।