গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাহারাদার ইয়াসিন শিকদার ও বাগানের মালী আকাশ শিকদারকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে কম্পিউটারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় দুই জনের কাছে ৬৩ পিস ইয়াবা পাওয়া যায়। গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুই জনকে ইয়াবাসহ আটক করা হয়। তারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বলে জানায়। ধারণা করা হচ্ছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশে ইয়াবা গ্রহণ ও ব্যবসা করে আসছিল। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।
