পিএইচপির নির্মিত ৫০টি প্রোটন সাগা গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

 ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগান নিয়ে পিএইচপি ফ্যামিলি দেশের বাজারে নিজেদের উত্পাদিত গাড়ি সংযোজন করেছে। পিএইচপির অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের জনপ্রিয় সংযোজন হচ্ছে ২০২১ মডেলের প্রোটন সাগা (এমসি) গাড়ি। এরই মধ্যে ৫০টি প্রোটন সাগা গাড়ি একটি লাইফ ইনসিওরেন্স কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার নগরীর বহদ্দারহাটের শুলকবহর পিএইচপি বিজনেস স্কোয়ারে পপুলার লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীর কাছে ৫০টি গাড়ির চাবি হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক ও পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। এসময় উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। তিনি বলেন, বিক্রয়োত্তর সেবাসহ ব্রান্ড নিউ গাড়ি সাশ্রয়ী মূল্যে পাওয়ার এ সুযোগ দেশের মানুষ গ্রহণ করছে। পিএইচপি পরিবার এ সেবা দিতে পেরে আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত, মোস্তাফা হেলাল কবির, আলমগীর ফিরোজ রানা, পিএইচপি অটোমোবাইলসের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাসির করিম, হেড অফ সেলসের মোহাম্মদ আরিফ উল্লাহ প্রমুখ।