মন্থর উইকেটেও সফল রাহী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

গতি খুব বেশি নয়, লাইন লেন্থই তার মূল শক্তি। সঙ্গে আছে দুই দিকে সুইং করানোর ক্ষমতা। গত দুই বছর ধরে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের মূল বোলার আবু জায়েদ রাহী। অথচ চট্টগ্রাম টেস্টের একাদশেই ঠাঁই হয়নি এ ডানহাতি পেসারের। হুট করেই টেস্টের একাদশে একমাত্র পেসার হিসেবে সুযোগ পান মুস্তাফিজুর রহমান। অনভ্যস্ত ফরম্যাটে দলের চাহিদা পূরণ করতে পারেননি তিনি।

তীব্র সমালোচনার পর ঢাকা টেস্টে একাদশে ফেরানো হয়েছে রাহীকে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে নিজের সামর্থ্যের স্বরূপটাও দেখিয়েছেন ২৭ বছর বয়সি এ পেসার। দিনভর ১৮ ওভার বোলিং করেছেন রাহী। ৫ মেডেনসহ ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন। প্রথম সেশনে সুবিধা করতে না পারলেও লাঞ্চের পর সাজঘরে ফিরিয়েছেন শেন মোসলি ও কাইল মেয়ার্সকে।

নিজের বোলিংয়ের সঙ্গে প্রথম দিনে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট রাহী। ৯০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২২৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ৩০০ রানের মধ্যে অলআউট করতে চায় বাংলাদেশ। রাহী মনে করেন, উইকেট অনুযায়ী উইন্ডিজদের ২৭০ থেকে ৩০০ রানের মধ্যে আটকে রাখতে হবে।

মিরপুরের মন্থর উইকেটে রান খুব বেশি উঠেনি বলেই স্বস্তিবোধ করছে বাংলাদেশ। রাহীর কণ্ঠে তারই আভাস। গতকাল দিন শেষে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে।’ তবে প্রথম দিনের খেলার পর ম্যাচে দুই দল সমান অবস্থায় আছে বলে জানিয়েছেন তিনি।

আজ প্রথম ইনিংসে উইন্ডিজদের দ্রুত অলআউট করার আশা করছেন রাহী। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে আমাদের ২৭০ থেকে ৩০০ এর মধ্যে আউট করা উচিত।’

নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট থেকে বারবারই বলা হচ্ছিল, নিয়মিত সুযোগ দিয়ে টেস্টের জন্য তৈরি করা হচ্ছে পেসারদের। রাহী ও এবাদত হোসেনই টেস্টের নিয়মিত পেসার। কিন্তু হোম সিরিজে ক্যারিবিয়ানদের হারানোর পরিকল্পনায় স্পিনেই নির্ভর করছে বাংলাদেশ। যেখানে ব্রাত্য হয়ে পড়েছেন পেসাররা। দুই ম্যাচেই একাদশে স্বীকৃত পেসার মাত্র একজন।

মিরপুরের উইকেট এখনো ফ্লাট। তবে ধীরে ধীরে টার্ন বাড়বে। মন্থর উইকেটে দলের মূল পেসার হিসেবে গতকাল ব্যর্থ হননি রাহী। এক বছর টেস্টে ফিরে এমন বোলিংয়ের রহস্য জানাতে গিয়ে এ তরুণ বলেছেন, ‘আমার গতিটা একটু কম। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে লেন্থ এবং লাইনে বোলিং করতে হবে। এছাড়া আমার কাছে কোনো দ্বিতীয় বিকল্প নেই।’

স্কোরকার্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন

ভেন্যু: শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

টস: ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস       রান   বল   ৪     ৬

ব্রেথওয়েট ক নাজমুল ব সৌম্য  ৪৭   ১২২ ৪     ০

ক্যাম্পভেল এলবি. ব তাইজুল  ৩৬   ৬৮   ৫     ১

মোসলি ব রাহী                     ৭     ৩৮   ১     ০

বনার ব্যাটিং                         ৭৪   ১৭৩ ৬     ০

মেয়ার্স ক সৌম্য ব রাহী          ৫     ১৮   ১     ০

ব্ল্যাকউড ক অ্যান্ড ব তাইজুল    ২৮   ৭৭   ৫     ০

দা সিলভা ব্যাটিং                   ২২    ৪৬   ১     ০

অতিরিক্ত (লেবা ২, নো ২)      ৪

মোট (৯০ ওভারে, ৫ উইকেট)  ২২৩

উইকেট পতন: ১-৬৬ (ক্যাম্পভেল), ২-৮৭ (মোসলি), ৩-১০৪ (ব্রেথওয়েট), ৪-১১৬ (মেয়ার্স), ৫-১৭৮ (ব্ল্যাকউড)।

বোলিং: রাহী ১৮-৫-৪৬-২, মিরাজ ২২-৫-৩৯-০, নাঈম ১২-১-৪২-০, তাইজুল ৩০-৫-৬৪-২, সৌম্য ৮-১-৩০-১।