ফুটবলারদের টিকাদান কর্মসূচিতে প্রায় ৩ হাজার টিকা চায় বাফুফে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

করোনা ভাইরাসের সংক্রমণ হতে রক্ষা পেতে বাফুফে সরকারের কাছে প্রায় ৩ হাজার টিকা নেওয়ার পরিকল্পনা করেছে। বাফুফে হিসাব করে দেখেছে ২ হাজার ৮৮১টি টিকা প্রয়োজন। তাতে ফুটবল সংশ্লিষ্টদের টিকা দান কর্মসূচির আওতায় আনা যাবে। দুই ধাপে টিকা প্রয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৬৮১ এবং দ্বিতীয় ধাপে ১ হাজার ২০০ টিকা বিতরণ করতে চায় বাফুফে। ফুটবল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্লাব কর্মকর্তা, জেলা ফুটবল যেখানে আছে তাদের জন্য টিকা প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে গতকাল জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাফুফে এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন জানিয়েছে। এই মুহূর্তে কী পরিমাণ টিকা প্রয়োজন তার একটা তালিকা পাঠিয়েছে। আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা ১ হাজার ৬৮১টি টিকা চেয়ে আবেদন করেছি।’ প্রথম ধাপে জাতীয় দলের পুরুষ ও নারী ফুটবলাররা টিকা পাবেন। এই তালিকায় বাফুফের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দল, প্রিমিয়ার লিগের খেলোয়াড়, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড় এবং বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তা, বাফুফের প্রশাসনিক কর্মকর্তার নাম রয়েছে। এই চাহিদা অনুযায়ী টিকা পাওয়া গেলে প্রত্যেকতে টিক দান কর্মসূচির আওতায় আনা হবে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, পাঠানো তালিকা অনুযায়ী টিকা পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব।

কীভাবে এবং কোথায় টিকা প্রয়োগ করা হবে সেটি চূড়ান্ত না হলেও বাফুফে জানিয়েছে, যে কোনো হাসপাতালে টিকা প্রয়োগের ব্যবস্থা থাকবে। বাফুফে হতে একটি নির্দিষ্ট কুপন দেওয়া হবে যেটি দেখিয়ে টিকা গ্রহণ করা যাবে। আবু নাঈম সোহাগ জানিয়েছেন, তারা চেষ্টা করছেন যেন বিনা মূল্যে টিকা প্রয়োগ করা যায়।

পাঠানো তালিকা ছাড়াও আরো একটি তালিকা তৈরি করা হয়েছে বলে বাফুফে জানিয়েছে। দ্বিতীয় তালিকায় ১ হাজার ২০০ টিকা চেয়ে আবেদন করা হবে। এই তালিকায় থাকবেন দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ফুটবলার, কোচ, ক্লাব, জেলা ফুটবল কর্মকর্তাসহ অন্যারা।