রেডফোর্ডকে পাচ্ছে না বাংলাদেশ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে হোম সিরিজে বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডের হেড কোচ হিসেবে কাজ করার কথা ছিল টবি রেডফোর্ডের। ইমার্জিং স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারই হাই পারফরম্যান্স (এইচপি) দলের। কিন্তু এ সিরিজে আসতে পারছেন না রেডফোর্ড। শারীরিক অসুস্থতার কারণেই আসবেন না তিনি।

গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, রেডফোর্ড না আসলেও ইমার্জিং দলের কোচ হিসেবে চম্পকা রমানায়েকেকে দায়িত্ব দিয়েছে বিসিবি। ইতিমধ্যে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন লঙ্কান কোচ রমানায়েকে। ২০ সদস্যের প্রাথমিক দলের ক্যাম্প চলছে চট্টগ্রামে। ক্যাম্পে যুব দলের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইমার্জিং দল। পরে হোম সিরিজে আইরিশদের বিরুদ্ধে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে স্বাগতিকরা।