মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ। যারা অপপ্রচার চালাচ্ছে তারা প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে কোনো কথা বলতে পারেনি। অথচ সবাই প্রধানমন্ত্রীর লোক বলে অপপ্রচার করা হচ্ছে। তারা সুনির্দিষ্ট করে কিছু বলেনি। এটা হচ্ছে ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর মতো। বিভিন্ন জায়গা থেকে কাটপিচ এনে জোড়া লাগিয়ে তারা বিভিন্নভাবে এ অপপ্রচার চালাচ্ছে। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, কারা এ ব্যাপারে জড়িত তা খুঁজে বের করতে। জনগণের ওপর আমাদের বিশ্বাস আছে। আমরা মনে করি জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।’ মন্ত্রী গতকাল বৃহস্পতিবার জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে কর অঞ্চল-গাজীপুর-এর উদ্যোগে ‘সেরা করদাতাগণের সম্মাননা ও সনদপত্র প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
কর অঞ্চল-গাজীপুর-এর কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মেশিন টুলস ফ্যাক্টরীর পরিচালক (ফিন্যান্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল হক, গাজীপুর ট্যাক্সেস বারের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু প্রমুখ।
