কোনো অপপ্রচার ও মিথ্যাচারে কান না দিয়ে নির্ভয়ে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, যে যতই অপপ্রচার করুক, ভ্যাকসিন কার্যক্রম চলবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। পর্যায়ক্রমে দেশের আরো ১৩ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবেন তিনি।
গতকাল বৃহস্পতিবার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) কেন্দ্রে ভ্যাকসিন নেন আওয়ামী লীগের নেতারা। ভ্যাকসিন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ আহ্বান জানান। সকাল সাড়ে ৮টার পর থেকে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে ফরম পূরণ করে ভ্যাকসিন গ্রহণ শুরু করেন। কয়েক জন নেতা সস্ত্রীক ভ্যাকসিন নেন। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভ্যাকসিন নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।
দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘আমাদের আরো কয়েক জন নেতার ভ্যাকসিন নেওয়ার কথা রয়েছে। তারা হলেন উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, ইনাম আহমেদ চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও আজিজুস সামাদ আজাদ ডন।’
