নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, বালুচাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি নদী চেল্লাখালী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুচাপা পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রিপনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপন মিয়া আন্দারুপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা             পাহাড়ের গহিনে নির্জন এলাকা পোড়াবাড়ি সীমান্তে চেল্লাখালী নদীর তীরবর্তী সমতল ভূমি গভীর গর্ত করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় মাজম আলী নামের এক বালু ব্যবসায়ী। গত বুধবার সন্ধ্যায় প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের পাড় ধসে চাপা পড়েন শ্রমিক রিপন মিয়া। এ সময় অন্য শ্রমিকেরা রিপনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাত ৮টার দিকে রিপনের ওপর বালু চাপা পড়ার বিষয়টি প্রকাশিত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান।

খবর পেয়ে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে গর্তের পানি অপসারণ করে শ্রমিক রিপনের লাশ উদ্ধার করা হয়। রিপন মিয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রিপন তিন কন্যাসন্তানের জনক এবং হতদরিদ্র একজন দিনমজুর।

সংশ্লিষ্ট পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর তীরে গভীর গর্ত করে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জহুরা বেগম তিন জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। দুপুরে জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শ করেছেন। বালু ব্যবসায়ী মাজম আলীসহ অন্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।