দেশে আরো একটি যুদ্ধ করে রাজাকারমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে ----------- এমপি নিক্সন চৌধুরী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪০

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশে আরো একটি যুদ্ধ করে রাজাকারমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন জনগণের উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য। স্বাধীনতার ৫০ বছরে তা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। পাকিস্তানের দোসর আলবদর, রাজাকার ও স্বাধীনতাবিরোধীরা দুর্নীতি করে রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করে দেশকে পিছিয়ে দিয়েছে। যার জন্য দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করে মিথ্যা প্রবাদ দিয়ে ২১ বছর ক্ষমতা দখল করে রেখেছিল স্বাধীনতা বিরোধীরা। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন হচ্ছে। আমরা যুব শ্রেণি শেখ পরশের নেতৃত্বে প্রশাসনের প্রতিটি স্তর থেকে দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার প্রতিরোধ করব। তিনি আরো বলেন, সমাজের প্রতিটি স্তর থেকে রাজাকারমুক্ত করব। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান তিতাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহ্দাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার , ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোষ, শামিমুল হক শামিম, জিয়াউল হক মিঠু, চৌধুরী আবুল কাইয়ুম হিরু, মো. বিলায়েত হোসেন প্রমুখ।