স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। স্কুল খুলে দেওয়ার বিষয়ে সংগঠনটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সহযোগিতাও কামনা করেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপদেষ্টা নুরুজ্জামান কায়েস, রেজাউল হক, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদ, যুগ্ম আহ্বায়ক এম এইচ বাদল, সদস্য ইস্কান্দার আলী হাওলাদার, শান্তা ফারজানা, এম এ মান্নান মনির, জয়নুল আবেদীন জয় ও লায়ন তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর কবির রানা বলেন, করোনা মহামারির কারণে সরকারি সিদ্ধান্তে ৪০ হাজারের বেশি কিন্ডারগার্টেন দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে। এমতাবস্থায় সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলেও কিন্ডারগার্টেনের প্রায় ১০ লাখ শিক্ষক-কর্মচারী বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। আর্থিক চাপে বহু শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তাই অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।—প্রেস বিজ্ঞপ্তি
