ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার  জাতীয়তাবাদী ছাত্রদল থেকে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সংগঠন সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ শেষে নয়াপল্টন পার্টি অফিসে গেলে বসা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। এ সময় তিনি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন এমন অভিযোগ এনে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে আমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।