গাজীপুরে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানাধীন পেয়ারাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন মিরপুর এলাকার মো. কালু শেখের ছেলে ওষুধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) এবং একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।
জিএমপির বাসন থানার এসআই মো. নাহিদ জানান, আল আমিন ও আজিজ কোনাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে ভোগড়া এলাকায় যাচ্ছিলেন। পেয়ারাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন।
