বায়ার্ন মিউনিখের প্রাপ্তির জায়গায় যোগ হলো আরেকটি মুকুট। মেক্সিকোর দল তাইগ্রেসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে হান্স ফ্লিকের দল।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে ১-০ ব্যবধানে জেতে জার্মান চ্যাম্পিয়নরা। গোলটি করেন বাঁজামাঁ পাভার্দ।
এই জয়ে ইতিহাসে নাম লেখাল বায়ার্ন। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ছয় শিরোপার সবগুলোই জিতল তারা। ২০০৯ সালে পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান দলটি।
দ্বিতীয়ার্ধেও বায়ার্নের একের পর এক প্রচেষ্টায় মিলছিল না সাফল্য। অবশেষে ৫৯তম মিনিটে এগিয়ে যায় তারা। কিমিচের ক্রসে লেভানদোভস্কির হেড পোস্ট ছেড়ে এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করেন গোলরক্ষক। বল পেয়ে ফাঁকা জালে পাঠান পাভার্দ। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। বদলি নামা কোরোঁতাঁ তোলিসোর দূরপাল্লার শট লাগে পোস্টে। একটু পর ডাবল সেভ করেন গোলরক্ষক। লেভানদোভস্কির বদলি নামা এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের শট ফেরানোর পর কিমিচের শটও ঠেকান তিনি।
ক্লাব বিশ্বকাপে এটি বায়ার্নের দ্বিতীয় শিরোপা। ২০১৩ সালের জিতেছিল প্রথমবার। সেমি-ফাইনালে আল আহলির বিপক্ষে জোড়া গোল করা লেভানদোভস্কি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
ইত্তেফাক/এসআই
