করোনা ভ্যাকসিন দেওয়া শেষ হলেই ভারতে শুরু হবে সিএএ: অমিত শাহ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭

করোনা ভ্যাকসিন দেওয়া শেষ হলেই ভারতে শুরু হবে সিএএ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে মতুয়াদের তীর্থভূমি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে এক জনসভায় ভাষণদানকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে জাতীয় কংগ্রেস, সিপিএম, তৃণমূল। সিএএ চালু হলে ভারতের মুসলিমদের নাগরিকত্ব যাবে না। এর মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। অনুপ্রবেশ বন্ধ হবে।

অমিত শাহ বলেন, ‘ঠাকুরনগরে ভোটের আগে মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটে মতুয়ারা আমাদের ঝুলি পদ্মফুলে ভরিয়ে দিয়েছেন। আমরাও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ভারতের সংসদে পাশ করেছি। তারপরই করোনা চলে এল। তাই কার্যকর করা যায়নি। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করছি, করোনার টিকাকরণ শেষ হলেই সিএএ কার্যকর করা হবে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার গুরুত্বপূর্ণ ইস্যু সিএএ। ২৯৪ আসনের মধ্যে ৩০টি আসনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মতুয়া ভোট। ২০১৯ লোকসভা নির্বাচনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর প্রতিশ্রুতি দিয়েই মতুয়াদের সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যেও চাপা অসন্তোষ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সম্ভবত সে বিষয়টি আঁচ করতে পেরেই বৃহস্পতিবার ঠাকুরনগর থেকে এই আইন কার্যকর করার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করে দিলেন অমিত শাহ। সেই সঙ্গে, আইন কার্যকরে এত দেরি হওয়ার কারণও ব্যাখ্যা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি মুসলিমদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, ‘মুসলিমদের বলা হচ্ছে সিএএ-র মাধ্যমে তাঁদের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু সিএএ কারো অনাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন। মুসলিম ভাইদের বলছি, সিএএ-তে কারো নাগরিকত্ব যাবে না।’

একইসঙ্গে ঘোষণা করেন, ‘এবার পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি। আর বিজেপির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ‘মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা’ গঠন করা হবে। শরণার্থীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে কাজ করা হবে সেই যোজনায়।’

ইত্তেফাক/এসআর