চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার এদের গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি স্থানীয়ভাবে তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দু’টি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-তাজুল ইসলাম ওরফে তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২)। এছাড়া পলাতক রয়েছে মো. আব্বাস উদ্দিন ওরফে জুয়েল ওরফে পার্টি জুয়েল (২৬)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ইত্তেফাককে বলেন, ‘শেখ মুজিব রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি স্থানীয়ভাবে তৈরি এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দু’টি মিনি কাটার ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’
তিনি জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা নগরীতে দলবদ্ধভাবে ঘোরাফেরা করে। পথচারীদের টার্গেট করে ঘিরে ধরে মোবাইল-মানিব্যাগ ছিনতাই করে আসছিলো।
ইত্তেফাক/এএএম
