প্রজাপতির আলোয় ঝলমলে রাজশাহী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৫

রাজশাহী মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চার লেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি বসানো হয়েছে। সড়কের মাঝে পোলগুলোতে দিনের বেলা দেখে মনে হয় প্রজাপতি বসে আছে। রাতের বেলা সেই প্রজাপতির ডানায় জ্বলে উঠে আলো। দৃষ্টিনন্দন এই প্রজাপতি বাতিতে আলোকিত সড়ক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বহরমপুর মোড়ে সড়কজুড়ে নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

রাজশাহীর ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক এধরণের দৃষ্টি নন্দন সড়ক বাতি সংযোজন করা হলো। এতে ১৭৪টি দৃষ্টিনন্দন বৈদ্যুতিক পোল, প্রতিটি পোলে দুইটি করে মোট ৩৪৮টি এলইডি বাল্ব প্রজাপতির মতো ডানা মেলে রয়েছে। দৃষ্টিনন্দন ও বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক আলোকায়নে ব্যয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকা।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, বাইরের দেশ থেকে আমদানি করা সুদৃশ্য পোল ও লাইট সংযোজন করা হয়েছে। এই সড়ক উদ্বোধনের মাধ্যমে রাজশাহীতে সড়কে নতুন মাত্রা পেলো। কারণ এরকম সুদৃশ্য পোল ও বাতি বাংলাদেশের আর কোন শহরে দেখিনি। এইসব সড়কবাতি শুধু আলো আর নিরাপত্তা বাড়াবে তা নয়, সাথে সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

ইত্তেফাক/এসসিএস