সেরা স্বীকৃতিতে মীম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৭

বিনোদন রিপোর্ট

 

সম্প্রতি শিল্পী ক্যাটাগরিতে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ট্যাক্সকার্ড পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। নিজের এই প্রাপ্তিতে মীম বলেন, ‘নিয়মিত কর দেওয়ার অভ্যেসটা বাবার কাছ থেকেই পাওয়া। একজন নাগরিক হয়ে এই দায়িত্ব আমাদের সবার আগে খুব নিয়ম মেনেই পালন করা উচিত। আর সর্বোচ্চর বিষয়টি অবশ্যই দর্শকদের ভালোবাসা। তারা আমাদের সেই চাহিদার জায়গা রেখেছেন বলেই এত কর দিতে পারছি। সত্যিই এই অনুভবটা দারুণ।’

এমনিতে খুব গুছিয়ে চলা মানুষ বিদ্যা সিনহা মীম। নিজের কাজের ব্যাপারে সুদূরপ্রসারী পরিকল্পনা করে চলা মানুষ তিনি। এর ভেতরে বেশকিছু চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। কলকাতার ওটিটি প্লাটফর্মের জন্যও কাজ করলেন। পাশাপাশি তাহসানের সঙ্গে জুটি বেঁধে যে ক’টি কাজই করেছেন তা-ই দর্শকরা দারুণভাবে লুফে নিয়েছেন।

মীম বলেন, ‘আমি বরাবরই ধীরে চলা মানুষ। আমার ভেতরে কোনো তাড়াহুড়ো আগেও ছিল না, এখনো নেই। আর তাড়াহুড়ো করলে জীবনে কোনো সাফল্য আসে না। সামনের কাজগুলো নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ 

বাণিজ্যিকভাবেও যেমন বিগ বাজেটের ছবির কাজ করেছেন মীম তেমনি গল্পনির্ভর ছবিতেও তার অনবদ্য অভিনয়ে প্রশংসিত হয়েছেন। ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে ‘ইয়েতি অভিযান’ করেও দারুণ আলোচনায় ছিলেন তিনি। কলকাতার কোনো প্রডাকশনের সঙ্গে নতুন কোনো কাজ করছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কয়েকটি ছবির কথা চলছে। চূড়ান্ত হলে জানাবো।’