জয়পুরহাট প্রতিনিধি
স্থগিত ঘোষিত কালাই পৌরসভার নির্বাচন আগামীকাল ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, কালাই পৌরসভা নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন শুনানি শেষে নির্বাচন স্থগিত রাখার আদেশ দেওয়া হয়। ঐ রায়ের কারণে চতুর্থ ধাপে ঘোষিত তপশিল অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কালাই পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর পরিপ্রক্ষিতে নির্বাচন স্থগিত করে বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা। পরবর্তী সময়ে চেম্বার আদালতে স্থগিতাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবারই আপিল করলে চেম্বার আদালতের বিচারক স্থগিতাদেশ স্থগিত করে রায় দেন। ফলে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোবারক হোসেন।
চুনারুঘাটে বিএনপির সমর্থকদের মধ্যে আতঙ্ক
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, চুনারুঘাট পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলীয় প্রার্থী মো. নাজিম উদ্দিন সামছু। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় পৌর এলাকার বাসার সামনে থেকে তার ভাতিজা ছাত্রদল নেতা শাহনেওয়াজকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে শাহনেওয়াজকে আদালতে পাঠানো হয়। এছাড়া পাকুড়িয়া গ্রামের আজাদ তালুকদারসহ ডজনখানেক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার, ভয়ভীতি ও নানা হয়রানি করছে বলেও অভিযোগ বিএনপি প্রার্থীর।
চরফ্যাশনে ৩৩ প্রার্থীর মধ্যে
প্রতীক বরাদ্দ
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম মেয়র পদে তিন জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাত জন এবং সাধারণ সদস্য পদের ২৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন। উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহার করায় পৌর ২ নম্বর ওয়ার্ডে (সংরক্ষিত) পারভিন, ৬ নম্বর ওয়ার্ডে মো. মনির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাহিদুল হক তানভীর ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
