অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শ্যামকুড় বিওপির টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে চার জন পুরুষ, দুই জন নারী এবং তিন শিশু। তাদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও পিরোজপুর জেলায়। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
