স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের পীরগাছার যাদুলষ্কর গ্রামে শুক্রবার জমির বিরোধ নিয়ে সালিশ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। ঐ হামলার ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ঐ এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার যাদুলষ্কর গ্রামের রেজাউল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের। এরই জের ধরে রেজাউলের বাড়ির উঠানে স্থানীয় ইউপি মেম্বারের মধ্যস্থতায় সালিশ বৈঠক হয়। কিন্তু আব্দুল জলিল ও তার লোকজন সালিশ না মেনে রেজাউলের লোকজনের ওপর হামলা চালায়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, যাদুলষ্করের ঘটনাটি আমরা তদন্ত করছি। মামলা নেওয়ার মতো হলে নেব।
