সিরাজগঞ্জে পণ্য প্রদর্শনীর উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি কোভিড-১৯-এর কারণে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের উত্পাদিত পণ্যের সমাহার নিয়ে পণ্য প্রদর্শনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শারিতা মিল্লাত।
পাইলট প্রোডাকশন প্রোগ্রামের ওপর মাঠ দিবস
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আস্তাইল গ্রামে পাইলট প্রোডাকশন প্রোগ্রামের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গোপালগঞ্জে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস আয়োজন করা হয়। এতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত সরিষা, আলু, মসুর, গম, বাদাম ও কালোজিরার উন্নত জাত সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ।
খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের উদ্বোধন
খুলনা অফিস খুলনার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ম্যারাথনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে কেসিসির সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করে। অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল এ এস এম ফখরুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেত্রকোনায় জিবিসির ১৩০তম সম্মিলনী
নেত্রকোনা প্রতিনিধি জেলার দুর্গাপুরে ‘গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) বাংলাদেশ’-এর ১৩০তম সম্মিলনী শুক্রবার বিরিশিরি ব্যাপ্টিস্ট মিশনে অনুষ্ঠিত হয়েছে। জিবিসির সভাপতি পাস্টার শৈবাল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।
নাজিরপুরে মুক্তা চাষ
নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম সিকদার মুক্তা চাষে সফলতা পেয়েছেন। মুক্তা চাষি মোয়াজ্জেম জানান, তিনি উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তার পরামর্শে পরীক্ষামূলকভাবে এ মুক্তা চাষ শুরু করেন। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, প্রথম বার চাষ করায় প্রতিটি ঝিনুক থেকে একটি মুক্তা আসবে। তবে প্রতিটি ঝিনুকে ৫-৬টি মুক্তা পাওয়া যায়। আগামী এক মাসের মধ্যে ঐ চাষি মুক্তা বিক্রয় করতে পারবে।
সরকারি জলাশয় সংস্কার কাজের উদ্বোধন
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় সরকারি দুটি জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার এ কাজের উদ্বোধন করেন জেলা মত্স্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। এ সময় কালিকাপুর ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনীতে বৃহস্পতিবার শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণের আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিস। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ।
সেরা ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় জেলার সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানরকারী সেরা করদাতাদের বৃহস্পতিবার সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। পঞ্চগড় কর অঞ্চল-২০-এর উপকর কমিশনারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপকর কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা করদাতা আব্দুল হান্নান শেখ, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী, প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
