আর্চারকে ছাড়াই নামবে ইংল্যান্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

স্পোর্টস ডেস্ক

চার পরিবর্তন নিয়ে আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড। প্রথম দুর্দান্ত পারফরম্যান্সের পরও বিশ্রামে রাখা হয়েছে জেমস অ্যান্ডারসনকে। বিশ্রামের কারণেই জস বাটলারের সিরিজের শেষ তিন টেস্টে না থাকার কথা আগেই বলা হয়েছে। কনুইয়ের ইনজুরিতে ছিটকে গেছেন আরেক পেসার জফরা আর্চার। আর বাজে পারফরম্যান্সের কারণে একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার ডম বেস। এই চার জনের পরিবর্তে চেন্নাই টেস্টে তিন জনের (স্টুয়ার্ট ব্রড, বেন ফোকস ও মঈন আলী) খেলা নিশ্চিত। তবে ক্রিস ওকস ও ওলি স্টোনের মধ্যে কে খেলবেন তা জানা যাবে আজই। ওদিকে একাদশে বড় পরিবর্তন আসবে না স্বাগতিক ভারতের। দলে ঢুকতে পারেন চায়নাম্যান কুলদ্বীপ যাদব। প্রথম টেস্টে শোচনীয়ভাবে (২২৭) হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট কোহলির দল। চেন্নাইয়ের স্পিন পিচ আরো ধারালো করে  প্রতিশোধের প্রস্তুতি নিয়েছে তারা। উইকেট নিয়ে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের ভাষ্য, ‘খুবই আলাদা লাগছে (উইকেট), আমি নিশ্চিত প্রথম দিন থেকেই বল টার্ন করা শুরু করবে। তবে হ্যাঁ  আমাদেরকে প্রথম টেস্টের কথা ভুলতে হবে। এই কন্ডিশন খুব ভালোভাবেই আমাদের চেনা। কাল (আজ) আমাদের সেরাটাই দিতে হবে।’