নারীবিদ্বেষী মন্তব্যের জন্য সমালোচনার চাপ ঘাড়ে নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন টোকিও অলিম্পিক প্রধান ইয়োশিরো মোরি। এক বক্তব্যে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছিলেন, নারীরা বেশি কথা বলে এবং বোর্ড ডিরেক্টরদের সভায় বেশি নারী থাকলে সেই সভা শেষ হতে ‘অনেক সময় লাগবে’। এই অশোভন মন্তব্য করার পর থেকেই চারদিক থেকে নিন্দার তীরে বিঁধতে থাকেন মোরি। এই মন্তব্যের প্রতিবাদে প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবী অলিম্পিক থেকে তাদের নাম প্রত্যাহার করেছে। প্রতিবাদস্বরূপ অলিম্পিক অফিসিয়ালদের সঙ্গে একটি মিটিংয়ে বসতে অস্বীকৃতি জানিয়েছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকে। প্রতিবাদ করেছে জাপানের নারী আইনজীবীরাও। কিন্তু এসবের মধ্যেও পদত্যাগ না করার সিদ্ধান্তেই অটল ছিলেন মোরি। কিন্তু যখন টুর্নামেন্টের স্পন্সররা চাপ দিতে থাকল, বিশেষ করে গত বুধবার টয়োটা প্রধান তাদের অসন্তোষ জানালে আর পদত্যাগ না করে থাকতে পারেননি।
