আজ বিএনপির চট্টগ্রামে মহাসমাবেশ স্থগিত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৮

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপিঘোষিত চট্টগ্রামে মহাসমাবেশ ও চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপির প্রস্তুতির অভাব ও সরকারি প্রশাসনের লিখিত অনুমতি না পাওয়ায় স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন গতকাল ইত্তেফাককে মহাসমাবেশ স্থগিত করার কথা নিশ্চিত করেন।

গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির পরাজিত ছয় সিটি মেয়র প্রার্থী ছয় বিভাগীয় শহরে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন। তারা বলেছিলেন, ছয় বিভাগে সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যাব এবং নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনের দাবি জানাব। কর্মসূচি হিসেবে আজ ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রুয়ারি বরিশালে, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ৩ মার্চ সমাবেশ করবে বলে জানায়।

গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে জানান, আজ শনিবারে অনুষ্ঠেয় চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ এবং চট্টগ্রাম অভিমুখের রোডমার্চটি পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর এবং দক্ষিণের ঘোষিত সমাবেশ নির্ধারিত দিনেই হবে।

এদিকে জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার ঢাকাসহ সব মহানগরে এবং আগামীকাল রবিবার সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি।