চতুর্থ ধাপে ৫৫ পৌরসভায় কাল নির্বাচনি লড়াই। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এ ধাপে ২৬ পৌরসভায় ব্যালট পেপারে এবং ২৯ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ হবে। আগের রাতে সিল মারা ঠেকাতে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবে ইসি। নির্বাচনি পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ভোট নিয়ে উত্সাহ-উদ্দীপনার পাশাপাশি শঙ্কা-উত্কণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।
ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে গতকাল মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। প্রচারের শেষ মুহূর্তের কিছু ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। শেষ দুইদিনের প্রচারণায় বিভিন্ন এলকায় সংঘাত-সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এরমধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর হয়েছে। রাজবাড়ীতে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। প্রচারণায় বাধা দেওয়া নিয়ে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। অনেক প্রার্থী কেন্দ্র দখলের শঙ্কাও প্রকাশ করেছেন।
এদিকে নির্বাচনি পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল শুরু করেছে গতকাল থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কাল সকালে ভোটগ্রহণের আগে ২৬ পৌরসভায় ব্যালট পেপারসহ নির্বাচনি উপকরণ পাঠাবে ইসি। কমিশনের শেষ মুহূর্তের নির্দেশনায় ভোট গ্রহণ শেষে দ্রুত ফলাফল পাঠাতে বলা হয়েছে।
এ ধাপের নির্বাচনি লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও। উত্সবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি শঙ্কাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশনও (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্ত রেখে কাজ করার জন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তারা আশা করছেন সামনের নির্বাচনগুলো ভালো ও সুষ্ঠু হবে, সংঘাত হবে না। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সম্প্রতি ভোটারদের ভোটবিমুখতা লক্ষ্য করা যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। নির্বাচনে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, চতুর্থ ধাপে ৫৭ পৌরসভায় ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও দুইটি পৌরসভা নির্বাচন স্থগিত রয়েছে। এরপর পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি।
