চুনারুঘাটে মেয়র প্রার্থীর বাসায় অভিযান ভাতিজাসহ আটক ২

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৮

কাল রবিবার হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচন। এই ভোটকে সামনে রেখে পৌরএলাকায় গ্রেফতার আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ বিএনপির মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিনের বাসা থেকে তার ভাতিজা শাহনেয়াজ (২৫) ও অপর এক সমর্থক প্রতিবন্ধী সুমন চৌধুরীকে আটক করে। পরে তাদের নালমুখ বাজারে পুলিশ এসাল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এছাড়া পাকুড়িয়া গ্রামের আজাদ তালুকদারসহ প্রায় এক ডজন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার, ভয়ভীতি দেখানোসহ নানা হয়রানি করছে বলেও অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন। এই মেয়র প্রার্থী বলেন, ‘আমার কর্মী-সমর্থকদের গ্রেফতারের ভয় দেখিয়ে নির্বাচনি কার্যক্রমকে ব্যাহত করার হীন প্রচেষ্টা চলছে। অবস্থাদৃষ্টে মনে             হয় পুলিশই যেন প্রার্থী।’ 

জানতে চাইলে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, পুলিশ এসাল্ট মামলায় সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও আতঙ্ক ছড়ানোর বিষয়টি অস্বীকার করে ওসি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করছে।

এদিকে গ্রেফতার ও হয়ারানি বন্ধের দাবিতে চুনারুঘাটে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা  করেছেন। অন্যদিকে পৌর এলাকার বাসিন্দারা জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে। তাতে পৌরবাসী শঙ্কিত। এছাড়া চুনারুঘাট তথা হবিগঞ্জ জেলার অনেকেই বলেছেন, নির্বাচনের আগ মুহূর্তে এক জন মেয়র প্রার্থীর স্বজন ও সমর্থককে গ্রেফতারের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের সম্মুখীন। এর আগেও বিএনপি প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে দরজা-জানালা ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।