বরিশালের উজিরপুর উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (৪০ দিন) প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সুবিধাবঞ্চিত অতিদরিদ্র শ্রমিকদের পরিবর্তে ড্রেজার, ভটভটি, ভেকু ব্যবহার করে এবং চুক্তিভিত্তিক শ্রমিক দিয়ে প্রকল্পের নামমাত্র বাস্তবায়ন কাজ করে জনপ্রতিনিধিরা অর্থ আত্মসাতের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ অন্য সদস্যরা কীভাবে অর্থ আত্মসাত্ করেছেন তার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ইউপি চেয়ারম্যান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে টাকা ভাগাভাগির ঐ ফোনালাপের রেকর্ড বুধবার বিকালে মো. জুনায়েদ সিদ্দিক নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ১৯ মিনিট ৫৬ সেকেন্ডের অডিও রেকর্ডটি সাংবাদিকদের হাতে এসেছে। এক নারী সদস্যকে ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আপনি যে টাকা চাইছেন আমার কাছে, আমি দিছি না আপনাকে ৭০ হাজার টাকা, আগের বার কর্মসূচির ৫০ হাজার টাকা দিয়েছি। আমি কি আপনারে কম টাকা দিছি। উত্তরে চেয়ারম্যান বলেন, ৭০ হাজার দেও, আর তুমি ৯০ হাজার টাকা দেও, সেটা কোনো বিষয় না। তোমার আসবে কত, হিসাব থাকতে হবে। কত টাকায় কত আসবে। চেয়ারম্যান বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) লিখে দিছে, চেয়ারম্যানের প্রজেক্টে ১ লাখ ১০ হাজার, আর তোমার প্রজেক্টে দিছে ৯০ হাজার। ঐ নারী সদস্য আরো বলেন, আমি একবার ৭০ হাজার টাকা, পরে ৫০ হাজার টাকা দিছি। ঐ কাজে আমি মোট ১ লাখ ২০ হাজার টাকা দিছি, আর কত দিব। এ কথা শুনেই চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে ঐ সদস্যকে বলেন, আমি চেয়ারম্যান হইয়া ৭০ হাজার টাকা দিতে পারছি, আমার স্বামী এত টাকা দেনা রেখে গেছে। আমি সেগুলো দিতে পারছি, আর তোমরা মেম্বার হইয়া দিতে পারবা না, তোমরা উপজেলায় গিয়া বুঝবা। উপজেলা প্রশাসন এক টাকাও কম নেবে না।’
জানতে চাইলে এ বিষয়ে ঐ ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘পরিষদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা ঐ সদস্যকে ব্যবহার করে নানা ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এ ঘটনাও তারই অংশ।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহা বলেন, ‘আমার বরাত দিয়ে অন্য কেউ ঘুষ চাইলে সে জন্য আমি দায় নেব না। সুনির্দিষ্ট প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ অন্যদিকে, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘চেয়ারম্যান বানোয়াট কথা বলেছেন। তার সঙ্গে ঐ প্রকল্প নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
