ট্রাম্পের বিচার না হলে ক্যাপিটলে আবার হামলা হবে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৮

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার চলছে। ডেমোক্র্যাটরা তাকে দোষী সাব্যস্ত করতে নতুন সব ভিডিও ও সাক্ষ্যপ্রমাণ হাজির করেছেন। ডেমোক্রেটিক পার্টির ইমপিচমেন্ট প্রসিকিউটররা সতর্ক করেছেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত না করা হলে ভবিষ্যতে পার্লামেন্ট ভবনে আবার হামলা হতে পারে। খবর সিএনএন ও রয়টার্সের

ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের ১৬ ঘণ্টার বিতর্ক শেষ করেছেন। বিতর্কের শেষ দিনে প্রসিকিউটররা বলেছেন, কংগ্রেস ভবনে হামলার জন্য ট্রাম্পই দায়ী। তিনিই প্রধান উসকানিদাতা। তারা বলেন, দাঙ্গাকারীদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে। তাই সিনেটে যদি তার বিচার না হয় তাহলে ভবিষ্যতে এমন হামলা আবার হবে কংগ্রেস ভবনে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পুলিশ, কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এবং বিদেশি মিডিয়ার বিভিন্ন তথ্য তুলে ধরেন। তারা দাবি করেন, ট্রাম্প জনগণের সম্পদ, গণতন্ত্র এবং জনগণের ক্ষতি করেছেন। ডেমোক্র্যাটরা আরো বলেন, ট্রাম্পের বিচার কেবল অতীতের জন্য নয়, এটা ভবিষ্যতের জন্যও সতর্কবার্তা।

রিপাবলিকান প্রসিকিউটররা দাবি করেছেন, ট্রাম্প নির্বাচনের পর জালিয়াতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার বাকস্বাধীনতা। রিপাবলিকানরা এক দিনের মধ্যেই বিতর্ক শেষ করবেন বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান সিনেটরদের একটি বড় অংশ এখনো ট্রাম্পের প্রতি অনুগত থাকায় ধারণা করা হচ্ছে এবারও তিনি অভিশংসন থেকে রক্ষা পেয়ে যাবেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তি প্রমাণে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে সিনেটের রিপাবলিকান নেতারা মত পালটে অভিশংসনের পক্ষেও ভোট দিতে পারেন। ক্যাপিটল ভবনে গত ৬ জানুয়ারির সহিংসতায় পাঁচ জনের মৃত্যু হয়। সেদিন ট্রাম্পের একদল উগ্র সমর্থক নির্বাচনের ফল সার্টিফিকেশন প্রক্রিয়া বন্ধ করতে সেখানে হামলা চালায়। গত বুধবার সিনেটের ট্রায়ালে সহিংসতার নতুন ফুটেজ দেখানো হয়েছিল।