পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জে জাতীয় পার্টি-জেপির (মঞ্জু) এক মেয়র প্রার্থীসহ চার জন প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। চাঁদপুরের মতলব পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীতে নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মিরকাদিম উপজেলার দক্ষিণ রামগোপালপুর এলাকায় বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণার সময় প্রতিপক্ষ প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় জাতীয় পার্টি-জেপির (মঞ্জু) বাইসাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ হোসেন রেনু আহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরো তিন জন আহত হন। আহত মীর হোসেন (৪০) কমল (৩০) ও জাকির হোসেনকে (৫০) স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। মেয়র প্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনু জানান, পৌরসভার দক্ষিণ রামগোপালপুরে প্রচারণার সময় নৌকার প্রার্থী আব্দুস সালামের ছেলে মানিক মিয়ার নেতৃত্বে কয়েক জন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা রেনুর প্রচারণার কাজে ব্যবহূত ব্যাটারিচালিত অটোরিকশায় ভাঙচুর চালায়। সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ ব্যাপারে প্রার্থী অভিযোগ দেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
মতলবে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৬
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালীয়াসংলগ্ন তিন রাস্তার মোড়ে শুক্রবার বিকালে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ দিন পৌরসভা নির্বাচনের প্রতীক নিয়ে এলাকায় মিছিলসহ অবস্থান করে আওয়ামী লীগের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহা ও আওয়ামী লীগের আরেক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ দেওয়ান। বিকাল ৩টার দিকে উভয় পক্ষ ঐ এলাকায় এলে কর্মী-সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ডালিম, আবুল কালাম, পিন্টু সাহার বড় ভাই মদন সাহা, আবু সাঈদ দেওয়ানের ছেলে নাসির দেওয়ান ও তার ভগ্নীপতি রুস্তম আলী এবং নজরুল দেওয়ানের ছেলে সাব্বির গুরুতর আহত হন। তাদের মধ্যে মদন সাহা, ডালিম ও নাছিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি।
গোদাগাড়ীতে নৌকার নির্বাচনি অফিসে আগুন
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সারাংপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে অফিস ঘিরে রাখা কাপড় ও নৌকার প্রতিকৃতি পুড়ে যায়। গোদাগাড়ী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, নৌকার বিজয় নিশ্চিত দেখে ভোটারদের বিভ্রান্ত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবে পৌরবাসী। গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ তত্পর রয়েছে। উল্লেখ্য, গোদাগাড়ী পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের অয়েজউদ্দীন বিশ্বাস (নৌকা প্রতীক), বিএনপির গোলাম কিবরিয়া রুলু (ধানের শীষ প্রতীক), জামায়াত সমার্থিত স্বতন্ত্র প্রার্থী ড. ওবায়দুল্লাহ (জগ প্রতীক) ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম বাবু (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইত্তেফাক/এমএএম
