মেহেদির রং না শুকাতেই সড়কে প্রাণ গেল ভোলার বোরহানউদ্দিন উপজেলার সোহাগ (২৫) নামক এক যুবকের। সদ্য বিবাহিত সোহাগ-সাথী দম্পতি শুক্রবার মোটরসাইকেল যোগে ঘুরে বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় মূলাইপত্তন এলাকায় দুর্ঘটনার শিকার হন। নিহত সোহাগ টবগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন, কামাল হোসেন ও স্থানীয়রা জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তারা মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিনে ঘুরতে আসেন। সন্ধ্যায় টবগী ইউনিয়নের নিজ বাড়িতে ফেরার পথে আবুল বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে সোহাগ মারা যায়। মারাত্মক আহত হয় স্ত্রী সাথী বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে পৌঁছার আগেই সোহাগ মারা যায়। স্ত্রী সাথী মারাত্মক আহত হওয়ায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের শ্বশুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মিলন ব্যাপারী জানান, তার মেয়ে সাথীর সঙ্গে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সোহাগের মাত্র ৮দিন আগে বিবাহ হয়।
বোরহানউদ্দিন থানার ওসি বশির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
