মাত্র ৮ দিনের ব্যবধানে সিলেটে আবারো তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট থেকে ঢাকায় ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস এর ২ ঘণ্টা ও জয়ন্তিকা সিলেটে পৌঁছাতে ৪ ঘণ্টার বেশী বিলম্ব হয়।
কুলাউড়া ষ্টেশনের মাস্টার মুহিবুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে সিলেটে আসা জ্বালানী তেল বহনকারী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। অপর একটি সূত্র জানায়, বিকাল সোয়া চারটার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সিলেটে আসার পথে ফেঞ্চুগঞ্জে তেলবাহী রেলের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটলে ১০টি বগির মধ্যে ৭টি বগি দুমড়ে-মুচড়ে যায়। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৮শত মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। তেলবাহী বগিগুলো দুর্ঘটনায় পতিত হলে আশপাশে ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি।
ঐ দুর্ঘটনায় ১ লাখ ৬০ হাজার লিটার তেল পড়ে যায়। ঐ সময় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে লাইন বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন।
ইত্তেফাক/এসআই
