গ্যাস মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ, যা নগর জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ এবং এর ব্যবহারও ব্যাপক। কিন্তু গ্যাসের মজুদ ক্রমশ কমছে। আমরা জানি, চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি রয়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানার বিভিন্ন কাজে গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু গ্যাস ব্যবহারে অনেকেই সতর্ক নন। অনেকের মধ্যে এমন ধারণা কাজ করে যে, গ্যাস জ্বালালে বা কম জ্বালালে কিংবা অতিরিক্ত জ্বালালেও বিলের পরিমাণ একই। তাই দিয়াশলাইয়ের কাঠি না খরচের জন্য চুলা জ্বালিয়ে রাখা হচ্ছে। এমনকি কাপড় শুকানো এবং ঘর গরম রাখতে অনেকে চুলা জ্বালিয়ে রাখেন। এভাবে প্রতিনিয়ত গ্যাসের অপচয় করা হচ্ছে। অচিরেই এ অবস্থার ইতি টানতে হবে। গ্যাসের অপচয় রোধে কর্তৃপক্ষ ব্যবহারকারীদের প্রি-পেইড মিটারের আওতায় আনার কার্যক্রম দ্রুতসময়ের মধ্যে সম্পন্ন এবং পাইপ লাইনের কোথাও ত্রুটি আছে কি না তা নিশ্চিত করতে হবে। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ যেমন জরুরি, পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে যথাযথ উদ্যোগ নিতে হবে। সবার সচেতনতাই পারে গ্যাসের অপচয় রোধ করতে।
হাবিব ওয়াহিদ, বড়বাড়ী, গাজীপুর
