শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত আড়াই লাখ টাকা। গতকাল মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, মো. লালন ও সেলিম মিয়া। গত বৃহস্পতিবার ও শুক্রবার ধারাবাহিক অভিযানে ঢাকা ও আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত দুইটি চাপাতি, দুইটি চাকু, একটি এন্টিকাটার ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, গত ৭ ফেব্রুয়ারি শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তাঁতীবাজার থেকে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে রওনা দেন। তাকে বহনকারী রিকশাটি শাহবাগের টিঅ্যান্ডটি এক্সচেঞ্জের পূর্বপাশের টেম্পো স্ট্যান্ডের কাছে পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় পরদিন তিনি শাহবাগ থানায় মামলা করেন। তদন্তের এক পর্যায়ে চক্রের ছয় সদস্যকে শনাক্ত করে ডিবির রমনা বিভাগ। এই চক্রের কয়েক জন এখনো পলাতক। তাদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মিশু বিশ্বাস বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এরই মধ্যে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
