ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শতবর্ষী তালশহর রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর নতুন করে তিনটি মেইল ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। শুক্রবার বিকালে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় তালশহর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চালক, পরিচালক ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষ্যে তালশহর রেলওয়ে স্টেশন চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামরুজ্জামান আনসারি। সমাবেশে সভাপতিত্ব করেন তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোলাইমান মিয়া। এ সময় বক্তারা বলেন, এই ঐতিহ্যবাহী শতবর্ষী রেল স্টেশন অচল হয়ে পড়েছিল। আজ থেকে আবার নতুন করে সচল হবে এই রেলওয়ে স্টেশনটি। এ সময় চলাচলকারী যাত্রীদের ট্রেনে টিকিট কেটে যাত্রা ভ্রমণ করার জন্য অনুরোধ জানানো হয়। এখন থেকে এই স্টেশনে প্রতিদিন কর্ণফুলী এক্সপ্রেস, সুরমা মেইল, নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি হবে। এর আগে শুধু চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনে যাত্রাবিরতি করে আসছিল।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘শতবর্ষী তালশহর রেল স্টেশন, কর্ণফুলী এক্সপ্রেস ছাড়া বিরতি নেই কোনো ট্রেনের’ শিরোনামে অবহেলিত স্টেশনের ছবিসহ সংবাদ ছাপা হয়েছিল।
