কালীগঞ্জে সড়কে ১২ জনের মৃত্যু

ট্রাকচালক গ্রেফতার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৭

ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রাকের চালক রনি গাজীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাতে বেনাপোল সীমান্ত পথে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। বুধবার বিকালে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন ২০ জন। নিহতদের মধ্যে ছয় জন শিক্ষার্থী ছিলেন। তারা যশোর এম এম কলেজে মাস্টার্স পরীক্ষা দিয়ে ঐ বাসে করে বাড়ি ফিরছিলেন। বারবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত আবদুর রশিদ মোড়লের শ্যালক সাইদুর রহমান বৃহস্পতিবার বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। ট্রাকটি জব্দ করা হয় কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে। তিনি আরো জানান, তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি বেপরোয় গতিতে চালানো হচ্ছিল। একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উলটে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি ট্রাক বাসটির মাঝ বরাবর ধাক্কা দিয়ে পালিয়ে যায়। যার ফলে ঐ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।