লক্ষ্মীপুর জেলার রায়পুরে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ৭০টি প্রাথমিক বিদ্যালয় কার্যক্রম চালু করা হচ্ছে। শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, ড্রেস, ব্যাগ ও উপবৃত্তি প্রদান করা হবে। দরিদ্র, সামাজিক ও অর্থনৈতিক দুরবস্থাগ্রস্ত ও ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে ঝরে পড়া শিক্ষার্থীরা এ শিক্ষা কার্যক্রমের আওতায় আসবে। রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় ঝরে পড়া স্কুল শিশুদের (আউট অব স্কুল চিলড্রেন) শিক্ষা বাস্তবায়ন কর্মসূচিবিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক বিদ্যুত্ রায় বর্মণ জানান, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় জেলার সদর, রায়পুর এবং রামগঞ্জ উপজেলার ঝরে পড়া ৮-১৪ বছরের শিশুর জন্য প্রতি উপজেলায় ৭০টি করে ৪২ মাস এই শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, ড্রেস, ব্যাগ ও উপবৃত্তি প্রদান করা হবে। প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষকের মাধ্যমে তিন ঘণ্টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কেন্দ্র ও শিক্ষক নির্বাচন এবং শিক্ষা উপকরণ বিতরণে শতভাগ সততা নিশ্চিত করতে হবে। বিন্দুমাত্র ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
