নওগাঁ সদরের কুয়ানগর দিঘিতে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে থানা পুলিশ দিঘি পরিদর্শন করেছে। সদর উপজেলার কসবা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে দিঘির মালিক ময়েন মণ্ডল জানান, কসবা গ্রামে তাদের নিজস্ব ১৯ দিঘা আয়তনের বিশাল দিঘিতে রুই, কাতলা, জাপানি, মিনারকাপ, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ ছিল। কে বা কারা শুক্রবার রাতে দিঘিতে বিষ দেওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় সাধারণ ডায়ারি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
