পাশাপাশি চেয়ারে বসেছিলেন। নির্লিপ্ত আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিসের পাশে বসে সঙ্গ দিচ্ছিলেন হাবিবুল বাশার সুমন। রাজ্জাক-শাহরিয়ারকে দেখে মনে হয়নি কিছু সময় পরই তাদের নামের পাশে ‘সাবেক’ শব্দটা যুক্ত হতে যাচ্ছে। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণটা আসতেই আবেগাক্রান্ত হলেন তারাও। পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ারকে বিদায় বলার মুহূর্তটা সহজ নয়। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রাজ্জাক-শাহরিয়ার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল এক মঞ্চে খেলোয়াড়ী ক্যারিয়ারকে বিদায় বললেন দুই বাঁহাতি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কীর্তিতে বহুবার উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। ঘরোয়া ক্রিকেটেও স্বীয় নৈপুণ্যে সম্মানিত তারা।
ব্যাট, প্যাড, গ্লাভস, কেডস জোড়া তুলে রাখলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন রাজ্জাক-শাহরিয়ার। এরই মধ্যে জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজ্জাক। গুঞ্জন আছে, শাহরিয়ার নিয়োগ পাচ্ছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহকারী ম্যানেজার পদে।
আনুষ্ঠানিক ঘোষণার পর অবসর প্রসঙ্গে রাজ্জাক বলেছেন, ‘ঘোরের মধ্যে আছি এখনো। ১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে, তখন বিকেএসপিতে ভর্তি হয়েছি। সেই জিনিসটাকে বিদায় বলাটা সহজ নয়।’
তবে মাঠ থেকে ক্রিকেটারদের বিদায় দেওয়ার সংস্কৃতি চালুর আক্ষেপ ঝরেছে রাজ্জাকের কণ্ঠে। তিনি বলেছেন, ‘আমাদের দেশে অনেক টেস্ট ক্রিকেটার ছিলেন। অনেকে এই সুযোগটাও পাননি। আমরা আশা করব এরকম প্রচলন আস্তে আস্তে তৈরি হবে যেন আমরা মাঠ থেকে বিদায় নিতে পারি।’ পরিবারের সদস্য, বিসিবি, কোচ, সংগঠকসহ সবাইকে ধন্যবাদ দিয়েছেন রাজ্জাক-শাহরিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ এবং সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ার হিসেবে ২০ বছরের ক্যারিয়ার রাজ্জাকের। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে ৪১২ উইকেট, প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪ উইকেট রয়েছে রাজ্জাকের ঝুলিতে।
দেশের প্রথম টি-২০ ম্যাচের অধিনায়ক শাহরিয়ার নাফিসের অবশ্য ক্যারিয়ার নিয়ে কোনো অতৃপ্তি নেই। তবে বিদায়ের ক্ষণে বিচিত্র অনুভূতিতে আচ্ছন্ন এ বাঁহাতি ওপেনার। গতকাল বলেছেন, ‘আমি খেলব না এটা তাতে খুব কষ্ট লাগছে না, তবে অনুভূতিটা অদ্ভুত জানি। আমি একটা স্কুলে পড়লাম, স্কুল ছেড়ে দিচ্ছি—ওরকম অনুভূতি। খুবই অদ্ভুত।’ ঘরোয়া-আন্তর্জাতিক মিলে শীর্ষ পর্যায়ে ১৭ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ হাজার রান করেছেন ৩৫ বছর বয়সি শাহরিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে তারা
রাজ্জাক
ফরম্যাট ম্যাচ উইকেট গড়
টেস্ট ১৪ ২৮ ৫৯.৭৫
ওয়ানডে ১৫৩ ২০৭ ২৯.২৯
টি-টোয়েন্টি ৩৪ ৪৪ ১৯.০৪
শাহরিয়ার
ফরম্যাট ম্যাচ রান সেঞ্চুরি গড়
টেস্ট ২৪ ১২৬৭ ১ ২৬.৩৯
ওয়ানডে ৭৫ ২২০১ ৪ ৩১.৪৪
টি-টোয়েন্টি ১ ২৫ ০ ২৫
