নাদালদের অন্যরকম দিন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৮

অথচ এটা হওয়ার কথা ছিল না! প্রতিদিন ৩৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু টুর্নামেন্টের পঞ্চম দিনে গ্যালারি পুরোপুরি ফাঁকা। যেখানে খেলে খুব একটা অভ্যস্ত নয় টেনিস খেলোয়াড়রা। তাই দিনটি অদ্ভুত কিংবা অন্যরকমই লাগার কথা।

তেমনই প্রতিফলন দেখা গেল, ২১তম গ্র্যান্ড স্লাম জিততে আসা রাফায়েল নাদালের কথায়। তবে নাদাল মাথায় রেখেছেন বাস্তবতার কথাও। করোনার নতুন ধরনের প্রকোপ বেড়ে যাওয়া পাঁচ দিনের লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের শহর মেলবোর্ন।

তাই পরিস্থিতি বুঝে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান নাদাল। গতকাল  ক্যামেরন নরিকে ৭-৫, ৬-২, ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিতের পর তিনি বলেন, অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। এ রকমটা কেউই চায় না তবে যে পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি তা ভুলে যাওয়ার সময় এখন নয়।’

নাদালের মতোই বন্ধ দরজায় খেলার অভিজ্ঞতা ছিল না নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলি বার্টির। করোনা বিরতির পর এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই কোর্টে ফিরেছেন তিনি। গতকাল ক্যাটারিনা আলেক্সান্ড্রোভাকে ৬-২, ৬-৪ গেমে হারানোর পর ফাঁকা গ্যালারি নিয়ে তার ভাষ্য, ‘এটি কোর্টের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এনেছে। ক্যারিয়ারে কখনোই এরকম অভিজ্ঞতা হয়নি। তাই এটা খুবই অদ্ভুত।’ বার্টি ছাড়াও গতকাল জয় তুলে নিয়েছেন পুরুষ ও নারী এককের ফেভারিটরা।  তবে ড্যানিয়েল কলিন্সের কাছে ৭-৫, ৬-২ গেমে হেরে বিদায় নিয়েছেন নারী এককের পঞ্চম বাছাই ক্যারোলিনা পিলস্কোভা।