শেখ জামালের জয় কেড়ে নিলেন রেফারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৯

বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস এবং শেখ জামালের টান টান উত্তেজনার ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে গোলের সিদ্ধান্ত রেফারি জালাল উদ্দিনকে আবারও বিতর্কিত করল। এমনিতেই রেফারিরা সমালোচনার মুখ হতে বেরিয়ে আসতে পারছিলেন না। তার ওপর কাল বসুন্ধরা কিংসের বিপক্ষে শেখ জামালের গোল বাতিলে রেফারির সিদ্ধান্তটি স্টেডিয়ামে সমালোচনার ঝড় তুলল। গোলশূন্য ম্যাচ শেষে গ্যালারির উত্তেজিত দর্শকদের ভয়ে বসুন্ধরার খেলোয়াড়রা অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে হেঁটে ড্রেসিং রুমে ফিরতে পারেননি। মাঠের ভেতর দিয়ে যেতে হয়েছিল। বসুন্ধরার কিছুই করার ছিল না। ৮৭ মিনিটে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। কাউন্টার আক্রমণ হতে জাহিদের এগিয়ে দেওয়া বল পেয়ে বসুন্ধরার ডিফেন্ডার তপু বর্মণকে ফাঁকিয়ে দিয়ে গোলকিপার আনিসুর রহমান জিকোকে বোকা বানিয়ে গোল করলেন শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে। এরই মধ্যে মাটিতে পড়ে গেলেন তপু। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে গোল বাতিল করলেন। স্টেডিয়ামে সবাই হতবাক। ইউটিউবে সাংবাদিকরা খেলা দেখছিলেন। তারা ম্যাচটা টেনে টেনে দেখলেন শেখ জামালের ওমর জোবে তপুকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে গোল করলেন। তপু যখন দেখলেন বলটা নিশ্চিত গোল হতে যাচ্ছে তখনই ব্যথা পাওয়ার ভঙ্গিতে মাটিতে লুটিয়ে পড়লেন। রেফারি সেটা দেখেই নিশ্চিত গোলটা বাতিল করেলন। ফাউলের বাঁশি বাজালেন। অথচ সহকারী রেফারি শাহ আলম নিজেও ফাউলের সংকেত দেখাতে পতাকা তুললেন না। গোল বাতিলের প্রতিবাদে ফেটে পড়লেন শেখ জামালের খেলোয়াড়রা।

খেলা শেষে ডাগআউটে সাংবাদিক পরিবেষ্টিত শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বলছিলেন তিনি প্রতিবাদ করবেন। ক্লাবের ঊর্ধ্বতনদের জানাবেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন বসুন্ধরা গ্রুপ শেখ জামালকে পৃষ্ঠপোষকতা করছে, উর্ধ্বতনদের জানালে প্রতিকার হবে কি না? মানিক বললেন, ‘আমি নিরপেক্ষ খেলা চাই। আগের ম্যাচে সলোমন কিং কনফর্মকে লালকার্ড দেওয়া হলো। এসব ইচ্ছাকৃত করা হচ্ছে।’ কালকের ড্রয়ে বসুন্ধরা ৭ ম্যাচ পর পয়েন্ট হারাল। শেখ জামাল দ্বিতীয় ড্র পেল। শেখ জামালের দলনেতা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু জানালেন তারা লিখিত প্রতিবাদ করবেন। ৮ খেলায় ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা। ১ ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল।

আজকের খেলা

পুলিশ :চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ও মোহামেডান। ৩টা ৩০ ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।