লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি; ইংল্যান্ডের পরাশক্তিরা সবাই চাচ্ছিল তাকে দলে ভেড়াতে। কিন্তু শেষপর্যন্ত জার্মানিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ফরাসি সেন্টার-ব্যাক দায়োত উপামেকানো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা তরুণ ডিফেন্ডার উপামেকানো রেডবুল লাইপজিগ থেকে সামনের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখে যোগ দিবেন বলে জানিয়েছেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিজিচ।
২২ বছর বয়স্ক উপামেকানোর সঙ্গে এরই মধ্যে ব্যক্তিগত চুক্তি সম্পন্ন করে ফেলেছে বায়ার্ন। লিভারপুল ও চেলসিও চুক্তিপত্র পেশ করেছিল এই ফরাসিকে। কিন্তু উপামেকানোকে নিয়ে বায়ার্নের দীর্ঘদিনের পরিকল্পনার ম্যাপ দেখেই জার্মান চ্যাম্পিয়নদের চুক্তিতে সম্মতি দেন এই সেন্টারব্যাক। গ্রীষ্মকালীন দলবদলে ৪২.৫ মিলিয়ন ইউরো দিয়েই উপামেকানোকে বাগিয়ে নিতে পারবে বায়ার্ন।
