ক্যারিয়ারে খুব অল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন বলিউড তারকা তাপসী পান্নু। সফলতার ঝুড়িতেও বেশ কয়েকটি ব্যবসাসফল থ্রিলার সিনেমা রয়েছে তার। সেই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন একটি থ্রিলার সিনেমায় কাজ করতে চলেছেন তিনি। জানা গেছে, ‘দোবারা’ শিরোনামের থ্রিলারধর্মী এই সিনেমায় অনুরাগ কশ্যপের সঙ্গে জুটি বাঁধছেন তাপসী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নতুন এই সিনেমার একটি টিজার শেয়ার করে তিনি। থ্রিলার ঘরানার সিনেমায় এর আগেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তাই আবারো অনুরাগের সঙ্গে জুটি বাঁধা ও থ্রিলারধর্মী সিনেমায় কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাপসী বলেন, ‘এটা একদম ভিন্নধারার সিনেমা হতে চলেছে। আগেও থ্রিলার সিনেমা দিয়ে বেশ সাড়া পেয়েছি। আমার নতুন এই সিনেমাটিতেও নানা চমক থাকছে। এতে শুধু আমি আর অনুরাগ নয়, সুপারওম্যান একতা কাপুরও থাকছেন। সিনেমাটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। দর্শকদের নিশ্চয় হতাশ করবো না।’ অনুরাগ বলেন, ‘এই সিনেমার মাধ্যমে আমরা পুরোপুরি নতুন ধরনের গল্প আনতে চাই দর্শকদের কাছে। এটা তাপসীর সঙ্গে আমার তৃতীয় কাজ। আমরা থ্রিলার ঘরানায় অন্যরকম কিছু একটা করার চেষ্টা করছি।’
