করোনার উত্স নিয়ে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে :ডব্লিউএইচও

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, করোনা ভাইরাসের উত্স অনুসন্ধানে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই মহামারি থেকে সহসাই মুক্তি পাওয়া যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ‘কিছু প্রশ্ন হাজির হয়েছে। বলা হচ্ছে, কিছু অনুমান বাতিল করা হয়েছে। চীন সফর করে আসা টিমের কয়েক জন সদস্যের সঙ্গে কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে, আরো পর্যালোচনা ও গবেষণার জন্য সব অনুমান বিবেচনায় রয়েছে।’ গেব্রিয়াসিস আরো বলেন, ‘কিছু কাজ মিশনের এখতিয়ার ও সুযোগের বাইরে। আমরা সবসময় বলে আসছি যে, এই মিশন সব প্রশ্নের জবাব খুঁজে পাবে না। কিন্তু তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে যা করোনার উত্স সম্পর্কে জানতে সহযোগিতা করবে।’ চীনে করোনার উত্স খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে তিনি বলেন, খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে আসছে। সঙ্গে আরো কিছু পশ্চিমা দেশ এই ভাইরাসের উত্স সম্পর্কে তদন্তের দাবি তুলেছিল। চীন সফররত ডব্লিউএইচও তদন্ত দলের প্রধান পিটার বেন এম্বারেক মঙ্গলবার গবেষণাগার থেকে করোনার ছড়িয়ে পড়ার বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, উত্স শনাক্তে আরো অনেক কাজ প্রয়োজন।

এদিকে সংক্রমণের গতি কমে যাওয়ার পাশাপাশি টিকাদান করোনা ভাইরাস থেকে মুক্তির যে উচ্ছ্বাস তৈরি করেছে, তাতে খানিকটা রাশ টানলেন ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবিলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে। অ্যামেন এক সাক্ষাত্কারে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছেন, ‘মনে হচ্ছে, এটা (করোনা ভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভালো করেই বাসা বেঁধে নিতে পেরেছে।’ তিনি সেই সঙ্গে বলেন, ‘এটাই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।’