দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর চলে গেলেন না ফেরার দেশে। তিনি দীর্ঘদিন কোলন ক্যানসারে ভুগছিলেন। গত শুক্রবার কানাডার ভ্যাংকুভার হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয় (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই পুত্র—সৌরভ রেজা নূর ও আবির রেজা নূর এবং স্ত্রী খুরশিদ জাহানকে রেখে যান। তিনি শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের দ্বিতীয় সন্তান।
শাহীন রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক বার্তায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ-আন্দোলনে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শাহীন রেজা নূর বেশ কিছু দিন ধরে কানাডায় বসবাস করছিলেন। ‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন। শাহীন রেজা নূর ১৯৭২ সালে ঢাকা বেতার কেন্দ্রে বার্তা বিভাগে অনুলিপিকারের চাকরি গ্রহণের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। দীর্ঘকাল তিনি ইত্তেফাকের সঙ্গেই জড়িত ছিলেন। ১৯৮৮ সালে তিনি কানাডায় অভিবাসী হন। প্রথমে মন্ট্রিয়লে পরে ভ্যাংকুভারে স্থায়ীভাবে বসবাস করেন।
ভ্যাংকুভার থেকে ডাক্তার অসিত ইত্তেফাককে জানান, ওনাকে কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হলে দূতাবাস থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেছেন অটোয়ার হাইকমিশনার ড. খলিলুর রহমান। তিনি বলেন, ওনার বাবা এদেশের জন্য প্রাণ দিয়েছেন এবং এদেশ গড়ার ক্ষেত্রেও তার অবদান অনেক। হাইকমিশনার তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শাহীন রেজা নূরের মৃত্যুতে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও কর্মচারী ইউনিয়ন শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার অটোয়া, টরন্টো, মন্ট্রিয়ল এবং ভ্যাংকুভারে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
জেপির শোক:
সাংবাদিক শাহীন রেজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শাহীন রেজা তার পিতার মতোই নির্ভীক সাংবাদিক ছিলেন। তিনি ‘প্রজন্ম ৭১’-এর প্রতিষ্ঠাতা। এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ছিলেন একজন অগ্রণী সৈনিক। তার মৃত্যুতে জাতি একজন দেশ প্রেমিক ব্যক্তিত্বকে হারাল।
