সিলেটে মাত্র আট দিনের ব্যবধানে আবারও তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়। গতকাল শনিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ব্যাহত হয়। এতে সিলেট থেকে ঢাকায় ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেসের দুই ঘণ্টা ও জয়ন্তিকা সিলেটে পৌঁছতে চার ঘণ্টার বেশি বিলম্ব হয়।
কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে সিলেটে আসা জ্বালানি তেল বহনকারী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। অপর সূত্র জানায়, বিকাল সোয়া ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে সিলেটে আসার পথে ফেঞ্চুগঞ্জে তেলবাহী রেলের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটলে ১০টি বগির মধ্যে সাতটি বগি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৮০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। তেলবাহী বগিগুলো দুর্ঘটনায় পতিত হলে আশপাশে ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। কুলাউড়ার রেলের পরিবহন পরিদর্শক তৌফিকুল আজিম জানান, এই দুর্ঘটনায় ১ লাখ ৬০ হাজার লিটার তেল পড়ে যায়। এ সময় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে লাইন বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে। যাত্রীরা দুর্ভোগে পড়েন।
