শনিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা, গাজীপুর, পাবনা ও কিশোরগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছে। জানা যায়, শনিবার রাত ৯টায় খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছে। একই সময়ে গাজীপুরের সালনায় ট্রাকের ধাক্কায় ২ পথচারী নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া পাবনার ঈশ্বরদী হাইওয়ে মাইক্রো দুর্ঘটনায় দুইজন ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকসায় চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
ইত্তেফাকের খুলনা অফিস জানায়, ঢাকাগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজি বাইকের চালকসহ ঘটনাস্থলে তিনজন মারা যান। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মাছ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার সমুদ্দপুর গ্রামের সোনাই সরদারের ছেলে ইজি বাইক চালক ইউনুস আলী (৪০), তালা উপজেলার মদনপুর গ্রামের ইমাম মাহমুদের ছেলে হাবিবুর রহমান (৩৬) এবং হাবিবুরের শ্যালক খুলনার পাইগাছা উপজেলার গদাইপুর গ্রামের রাজিবুল ইসলাম (৩৫)।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, নিহত তিনজনের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরের সালনায় ট্রাকের ধাক্কায় আয়শা বেগম (২৮) ও জবেদা বেগম (২০) নামে দুই জন পথচারীর মৃত্যু হয়েছে। সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত আয়শার বাড়ি কালিয়াকৈর উপজেলায়, জবেদার বাড়ি টাঙ্গাইল সদরে।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানায়, ঈশ্বরদী-পাবনা মহাসড়কে পাবনা সুগার মিলের সামনে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন। নিহতরা হলেন আব্দুর রউফ জাহাঙ্গির (৫৭) এবং মনোয়ার হোসেন রনজু (৬৫)।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে পাবনা হতে ঈশ্বরদী অভিমূখি একটি হাইয়েস পাবনা সুগার মিলের সামনের সড়কে দাঁড়ানো লোভেটের পিছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। লোভেটটি বিনষ্ট হওয়ায় রাস্তার উপর দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফ জাহাঙ্গির ও মনোয়ার হোসেন রনজু মারা যায়।
পাকুন্দিয়া পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকসার নিচে চাপা পড়ে হামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার নানী রাশিদাসহ তিন যাত্রী আহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের ষাটকাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/এসসিএস
