পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের যেসব কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দিজীবন অতিবাহিত করেছেন সেসব কক্ষ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের জাজেস কমিটির সদস্যরা। একই সঙ্গে কারাগারে যেসব কক্ষে জাতীয় চার নেতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় সেসব কক্ষও পরিদর্শন করা হয়েছে। গতকাল শনিবার এই পরিদর্শন কার্যক্রম চলে। এছাড়া বঙ্গবন্ধুকে কারাগারে যে নির্জন কক্ষে রাখা হয়েছিল সেটিও ঘুরে দেখেন বিচারপতিরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ঐ কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদ্যাপন বিষয়ক সুপ্রিম কোর্ট জাজেস কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম কারাগার পরিদর্শন করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে কারাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিচারপতিরা জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া কারাগারের ভেতর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে জাজেস কমিটির সদস্যরা জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
