ক্র্যাবে আইন উপদেষ্টা নিয়োগ

রিপোর্ট সত্য হলে কোনো আইনই সাংবাদিককে আটকাতে পারবে না

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৫

আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেছেন, রিপোর্ট সত্য হলে কোনো আইনই সাংবাদিককে আটকাতে পারবে না। তবে শুধুমাত্র হাইলাইটস হওয়ার জন্য যেন রিপোর্ট না হয়, সে বিষয়ে সচেতন হতে হবে। শনিবার বিকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ক্র্যাবের আইন উপদেষ্টা মনোনয়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।

এ সময় ক্র্যাবের নবনিযুক্ত দুই আইন উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মো. গোলাম কিবরিয়া জোবায়ের এবং অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুর হাতে ‘আইন উপদেষ্টা মনোনয়নপত্র’ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু বলেন, আমাদের আইনের জগতের সঙ্গে সাংবাদিকতার তেমন দূরত্ব নেই। ক্র্যাবের এই আইন উপদেষ্টা নিয়োগের ফলে সামনের দিনগুলোতে আপনাদের দায়িত্ব পালন আরো সহজ হবে।