খুলনায় ঢাকাগামী শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌঁনে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মাছ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার সমুদ্দপুর গ্রামের সোনাই সরদারের ছেলে ইজিবাইক চালক ইউনুস আলী (৪০), তালা উপজেলার মদনপুর গ্রামের ইমাম মাহমুদের ছেলে হাবিবুর রহমান (৩৬) এবং হাবিবুরের শ্যালক খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের রাজিবুল ইসলাম (৩৫)।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, শামীম এন্টারপ্রাইজ লিমিটেডের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকে থাকা তিনজন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিন জনের লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।
